খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বুধবার (১৭ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের ‘ক’ সার্কেলের উদ্যোগে জেলার সদর ও কাজিপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সদর থানার বিভিন্ন এলাকায় ৫টি এবং কাজিপুর থানার বিভিন্ন এলাকায় ৩টিসহ মোট ৮টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুই আসামির বিরুদ্ধে দুটি মামলা নিষ্পত্তি করা হয়। আদালত একজনকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া উভয়কে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নিজাম উদ্দিন খান এবং উপ-পরিদর্শক মো. আছাদুল হক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অধিদপ্তর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
মন্তব্য করুন