খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে শহরের মুজিব সড়কস্থ হৈমবালা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের মুজিব সড়ক, এসএস রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী ব্রাজিল সমর্থকরা জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় তারা নিজেদের প্রিয় দল ব্রাজিলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন। মিছিলজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা পথচারীদেরও দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজকদের ভাষ্য, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দিতে এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই এই শোডাউনের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন বয়সী ব্রাজিল সমর্থক ও ফুটবলপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিশ্বকাপের দিন যতই ঘনিয়ে আসছে, ততই সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমীদের মাঝে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। ইতোমধ্যে বিভিন্ন দলকে সমর্থন জানিয়ে পতাকা টানানো, ব্যানার স্থাপন ও নানা আয়োজন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্রাজিল সমর্থকদের এই বর্ণাঢ্য শোডাউন শহরে বিশ্বকাপের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
মন্তব্য করুন