খবর ২৪ ঘন্টা , ডেস্ক
১৯৯১ সালে প্রতিষ্ঠিত শ্যামনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলাকার একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে শতাধিক শিক্ষার্থী এ বিদ্যালয়ে লেখাপড়া করছে। তবে মাঠে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় মাঠের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে রয়েছে। কোথাও কোথাও কাদা ও পানির কারণে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের অনেকেই কাদা-পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে যেতে বাধ্য হচ্ছে। মাঠে পানি জমে থাকায় শারীরিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমও নিয়মিত পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসনেয়ারা খাতুন জানান, “মাঠটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। দীর্ঘ সময় পানি নিষ্কাশন না হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় শিক্ষার্থীরা মাঠে নামতে পারে না, খেলাধুলা বন্ধ থাকে। এতে তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি এবং দ্রুত সমাধানের আশা করছি।”
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে একই চিত্র দেখা গেলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠে দীর্ঘদিন পানি জমে থাকে, যা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতিরও সৃষ্টি করছে।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলাল হোসেন বলেন, “শ্যামনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার বিষয়টি আমাদের নজরে এসেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে এবং দ্রুত করণীয় নির্ধারণে উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের মাঠ ভরাট ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের মাধ্যমে দ্রুত জলাবদ্ধতা নিরসন করা হোক। তাদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বছরের পর বছর জলাবদ্ধ থাকলে শিক্ষার্থীদের শিক্ষা, খেলাধুলা ও সুস্থ বিকাশ ব্যাহত হয়।
স্থানীয় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শ্যামনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠকে জলাবদ্ধতামুক্ত করবে এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও আনন্দময় শিক্ষা পরিবেশ নিশ্চিত করবে।
মন্তব্য করুন