খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে ১,৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট এক ব্যবসায়ীকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শেরনগর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, অবৈধভাবে ডিজেল মজুত করা হচ্ছে—এমন তথ্য পেয়ে পুলিশ ওই বাজারের ব্যবসায়ী রবিউল ইসলামের দোকানে অভিযান চালায়।
অভিযানকালে দোকান থেকে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়, যা সরকার নির্ধারিত নিয়ম ভঙ্গ করে মজুত করা হয়েছিল বলে জানা যায়। পরে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত রবিউল ইসলামকে তাৎক্ষণিকভাবে তিন দিনের কারাদণ্ড প্রদান করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রশাসন জানায়, জব্দ করা ডিজেল পরবর্তীতে অনুমোদিত ডিলারের মাধ্যমে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসনের মতে, জ্বালানি তেল সংকট বা মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করে। এমন কার্যক্রম রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন